মমতার 'তৃণমূল ভবন' বন্ধ করল পুলিশ

ঘটনাকে কেন্দ্র করে বাইপাস এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ইস্টার্ন মেট্রোপলিটন (ইএম) বাইপাসের পাশে নির্মাণাধীন তৃণমূল কংগ্রেসের নতুন দলীয় কার্যালয়ের প্রবেশপথে ব্যারিকেড দিয়েছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আনন্দপুর থানার পুলিশ কোনো আগাম নোটিশ ছাড়াই সেখানে ব্যারিকেড বসিয়েছে বলে অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির। তবে পুলিশের দাবি, কলকাতা পুরসভার প্রয়োজনীয় অনুমোদন ছাড়া নির্মাণাধীন ভবনটি ব্যবহার করা যাবে না। খবর আনন্দবাজার। 

তৃণমূল সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই দলীয় কার্যালয়ের প্রবেশপথ আটকে দেওয়ার খবর পৌঁছায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতার দুই সাংগঠনিক জেলা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষ। সেখানে উপস্থিত দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের কাছেও ব্যারিকেড দেওয়ার কারণ জানতে চান তাঁরা।

এ সময় পুলিশ কর্মকর্তারা জানান, কলকাতা পুরসভার প্রয়োজনীয় অনুমতিপত্র ছাড়া নির্মাণাধীন ভবনটি ব্যবহার করা যাবে না। তবে পুলিশের এই বক্তব্যের সঙ্গে একমত নয় মমতা শিবির। তাদের দাবি, কার্যালয়ের নির্মাণকাজ এখনো শেষ হয়নি এবং সেখানে দলীয় কার্যক্রমও পরিচালিত হচ্ছে না। কেবল নির্মাণকাজের অগ্রগতি দেখতে নেতাকর্মীরা সেখানে যাতায়াত করছেন। ফলে ভবন ব্যবহারের অনুমতির বিষয়টি সামনে এনে প্রবেশপথ আটকে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে দাবি দলটির।

ঘটনার পর শনিবার সকালে নির্মাণাধীন কার্যালয় পরিদর্শনে যান তৃণমূলের রাজ্যসভার সদস্য দোলা সেন। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক শেষে তিনি পুলিশের পদক্ষেপের নিন্দা জানান। এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে অভিযোগ করেন তিনি।

দোলা সেন বলেন, শুক্রবার তাদের প্রতিপক্ষের জোড়া হার হয়েছে। সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই দলীয় কার্যালয় দখলের চেষ্টা করা হয়েছে। প্রতিহিংসার রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তাঁর দলকে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে বাইপাস এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে ভবন ব্যবহারের ক্ষেত্রে পুরসভার অনুমোদনের বিষয়টি গুরুত্ব দেওয়া হলেও মমতা শিবিরের নেতারা একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ হিসেবে দেখছেন।

বর্তমানে ক্যানাল রোডের অস্থায়ী দলীয় কার্যালয়টি ঋতব্রতপন্থী গণতান্ত্রিক তৃণমূলের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। এ কারণে নির্মাণাধীন নতুন কার্যালয়ের দেখভালের জন্য মমতা শিবিরের নেতাকর্মীরা নিয়মিত সেখানে যাতায়াত করছেন। সেই কার্যালয়ের প্রবেশপথে পুলিশের ব্যারিকেড দেওয়ার ঘটনাই দুই পক্ষের রাজনৈতিক বিরোধের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত