আন্ধাধুন: ভারতের চেয়ে তিনগুণ আয় চীনে

চীনের বক্স অফিসে শোরগোল তুলেছে বলিউডের থ্রিলার-ড্রামা ‘আন্ধাধুন’। মুক্তির তিন সপ্তাহের মাথায় দেশটিতে আয় করলো ৩০০ কোটি রুপি। অন্যদিকে ভারতীয় বক্স অফিসের লাইফ টাইমে আয় করেছে চীনের তিন ভাগের এক ভাগ।

টাবু, আয়ুস্মান খুরানা, রাধিকা আপ্তে ও অনিল ধাওয়ান অভিনীত সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে, এক পিয়ানোবাদককে নিয়ে- যে কিনা অন্ধের ভান করে থাকে। ঘটনাচক্রে জড়িয়ে পড়ে একটি খুনের সঙ্গে।

সিনেমাটি চীনে মুক্তি পেয়েছে ‘দ্য পিয়ানো প্লেয়ার’ নামে। পরিচালনা করেছেন ‘এক হাসিনা থি’ ও ‘বদলাপুর’-খ্যাত শ্রীরাম রঘুভন। ২০১৮ সালের শেষ দিকে সিনেমাটি ভারতে মুক্তি পেয়ে প্রশংসিত হয়, ১০০ কোটি রুপির কাছাকাছি আয় করে। অন্যদিকে তিনগুণ আয় করেছে চীনে। সব মিলিয়ে ৩২ কোটি রুপি বাজেটের সিনেমাটির বিশ্বব্যাপী আয় ৪১৫ কোটি রুপি।

তবে ব্যবসাসফল ভারতীয় সিনেমার দৌড়ে চীনে ‘আন্ধাধুন’-এর আগের অবস্থানে রয়েছে আমির খান অভিনীত ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’।

পাশের দেশে সিনেমাটির সাফল্যে দারুণ উচ্ছ্বসিত আয়ুস্মান খুরানা। এক বিবৃতিতে জানান, শিগগিরই চীনে যাবেন। দর্শকদের ধন্যবাদ জানাবে তিনি।

সাম্প্রতিক সময়ে চীনে ভারতীয় সিনেমার চাহিদা বেড়েছে। সেখানে আরও ভালো ব্যবসা করেছে সালমান খানের ‘বাজরঙ্গি ভাইজান’, রানি মুখার্জির ‘হিচকি’ ও ইরফান খানের ‘হিন্দি মিডিয়াম’।