শ্রীলংকার মতো বোমা হামলা ঘটবে বাংলাদেশেও: বদিউল আলম

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার আশংকা প্রকাশ করে বলেছেন ‘গণতান্ত্রিক সুব্যবস্থা ফিরিয়ে আনা না হলে শ্রীলংকার মতো  সিরিজ বোমা হামলার পুনঃবৃত্তি বাংলাদেশেও ঘটবে।’

মঙ্গলবার নীলফামারী সৈয়দপুর প্রেসক্লাবে সুজন সৈয়দপুর উপজেলা শাখা আয়োজিত বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আশংকা প্রকাশ করেন।

একাদশ সংসদ নির্বাচনকে অশুভ আতাতের ফসল উল্লেখ করে তিনি বলেন, ‘প্রশাসন, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আতাত করে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিজেদের করে ক্ষমতায় বসেছে বর্তমান সরকার। এই আতাতের কারণেই ভোট কেন্দ্রগুলো ভোটার শূন্য ছিল। জনগণ রাজনৈতিক প্রক্রিয়া তথা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যার ফলে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন হয়ে দাঁড়ায় অশুভ আঁতাতের ফসল। এই ন্যক্কারজনক দৃষ্টান্ত কারো জন্যই শুভ নয়, এটি কোন কল্যাণই বয়ে আনবেনা। ’

তিনি আরো বলেন, ‘২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনও ছিল একতরফা। যা দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে পরিগণিত হচ্ছে। বর্তমান সরকার একের পর এক সকল নির্বাচনকে একতরফা করায় জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। সরকারের এমন এ ধরনের দৃষ্টান্ত গণতন্ত্রের জন্য চরম হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে।’

তিনি এসময় আরও বলেন, রাজনৈতিক সংস্কারের প্রয়োজনে প্রারম্ভে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সে সাথে গণমাধ্যমকে সম্পূর্ণরূপে স্বাধীনভাবে কাজ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। কারণ গণমাধ্যমগুলোর ওপর সরকারের করাল গ্রাস রয়েছে। তা থেকে মুক্ত হতে হবে। আর এ জন্য সর্বস্তরের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। এক্ষেত্রে  দেশের সকল নাগরিককে সুজনের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সুজন সৈয়দপুর উপজেলা  শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী (অব.) নুরুজ্জামান জোয়ারদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক,  প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, সাধারণ সম্পাদক  এম. এ করিম মিষ্টার, সাংবাদিক এমআর আলম ঝন্টু, জাকির হোসেন, বিএনপি নেতা আব্দুল খালেক, পৌর মহিলা কাউন্সিলর জাহানারা বেগম প্রমুখ।