নারায়ণগঞ্জে দশ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় ফাইজুর রহমান সুমন (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দীন এ রায় ঘোষণা করেন। রায়ে ধর্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে ধর্ষিত শিশুকে প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডিত ফাইজুর রহমান সুমন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভাওয়ালিয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট রাকিব উদ্দীন রকিব দেশ রূপান্তরকে বলেন, দণ্ডিত আসামী ধর্ষিত শিশুটির বড় ভাইয়ের বন্ধু। পূর্ব পরিচয়ের সুযোগে সুমন বন্ধুর বাড়িতে যাওয়া আসার সুযোগে বন্ধুর ছোট বোন চতুর্থ শ্রেণির ছাত্রীকে পরিবারের সবার অজান্তে বেশ কয়েকবার ধর্ষণ করে। সর্বশেষ ২০১৩ সালের ২২ মে সন্ধ্যায় ধর্ষিতাদের বাড়িতে এসে টিভি দেখে পুনরায় ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এসে সুমনকে হাতেনাতে ধরে ফেলে। পরে শিশুটি সুমনের কর্মকাণ্ড সম্পর্কে তার পরিবারের সদস্যদের জানায়। ওই ঘটনায় শিশুটির বাবা রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে।
মামলায় বাদীর পক্ষে ৮ জন সাক্ষ্য দিয়েছেন এবং আসামি পক্ষে সাফাই সাক্ষী দিয়েছেন তিনজন। সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক শেষে মঙ্গলবার আদালত আসামি ফাইজুর রহমান সুমনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে।