বাল্যবিয়ের আসরে আটক কাজির কারাদন্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামে বাল্যবিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার এক কাজিকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গত সোমবার গভীর রাতে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মন এই আদেশ দেন। দন্ডিত কাজি সৈয়দ আবদুল হাদি (৫৫) উপজেলার কোচাশহর গ্রামের বাসিন্দা।

ইউএনও রামকৃষ্ণ বর্মন জানান, গত সোমবার রাতে ওই গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৪) সঙ্গে শোলাগাড়ী গ্রামের জাফিরুল ইসলামের ছেলে আবদুল মমিনের বিয়ের অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে ওই বিয়ের অনুষ্ঠান থেকে কাজি সৈয়দ আবদুল হাদিকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, ‘ওই গ্রামে পৌঁছার পর আমাদের আসার খবর পেয়ে বর ও কনে পক্ষের লোকজন পালিয়ে যায়। তাই তাদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

গতকাল মঙ্গলবার সকালে সৈয়দ আবদুল হাদিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ওসি একে এম মেহেদী হাসান।