নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নিলে জনগণের রায়ের প্রতি অবিচার করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যারা এখনো সংসদ সদস্য হিসেবে শপথ নেননি, তাদেরকে দ্রুত শপথ নেওয়ার আহ্বান জানান তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০১৯-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন মন্ত্রী।
দীপু মনি আরও বলেন, ‘ভোটাররা এমপি নির্বাচিত করেন পার্লামেন্টে তাদের কথাগুলো তুলে ধরার জন্য। নির্বাচনে জয়লাভ করার পরে তাই ভোটারদের প্রতি দায়বদ্ধ থাকেন নির্বাচিতরা। শপথ গ্রহণ করা একজন নির্বাচিত জনপ্রতিনিধির অধিকার। সেই সঙ্গে তিনি সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলবেন এমনটা সবাই কামনা করেন।’
বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই যুগ্ম সম্পাদক বলেন, জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় নির্বাচনে অংশ নেওয়া হয়। তাই নির্বাচিত হলে জনপ্রতিনিধিদের শপথ নিয়ে সংসদে যাওয়া উচিত। তা না হলে জনরায়ের প্রতি অবমাননা করা হবে। তিনি বলেন, ‘আশা করি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে এমপি নির্বাচিত হারুন অর রশিদসহ যারা নির্বাচিত হয়ে এখনো শপথ নেননি তারা সবাই শপথ গ্রহণ করে পার্লামেন্টে তাদের দায়িত্ব পালন করবেন।’ এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী প্রমুখ।