দিনাজপুরে ৭ শকুন অবমুক্ত

দিনাজপুরে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা সাতটি শকুনকে পরিচর্যা করে দিনাজপুরের জাতীয় উদ্যান সিংড়া ফরেস্টে অবমুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে শকুন উদ্ধার ও অবমুক্তকরণ কর্মসূচির আওতায় স্থানীয় বন বিভাগ ও পরিবেশ-প্রকৃতিবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) উদ্যোগে সাতটি শকুনকে পরিচর্যার মাধ্যমে অবমুক্ত করা হয়।

দুপুরে জাতীয় উদ্যান সিংড়া ফরেস্টে অনুষ্ঠিত শকুন উদ্ধার ও অবমুক্তকরণ কর্মসূচির আওতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক আবদুল আউয়াল সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. বিল্লাল হোসেন। এ ছাড়া শকুন অবমুক্তকরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, আইইউসিএনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. রাকিবুল আমিন, বিভাগীয় বন কর্মকর্তা দিনাজপুর অঞ্চলের আবদুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ প্রমুখ। দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক আবদুস সালাম তুহিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।