দরকষাকষির ঐতিহ্য আওয়ামী লীগের : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দরকষাকষির ঐতিহ্য ক্ষমতাসীন আওয়ামী লীগের রয়েছে। বিএনপির তেমন কোনো ঐতিহ্য নেই। আওয়ামী লীগের যেসব নেতা জানেন না, তারা তাদের নেত্রীকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিএনপির দরকষাকষি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে’Ñ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবেই জনগণের নিকট প্রতিষ্ঠিত। সুতরাং তিনি কখনই কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, কোনো স্বৈরাচারের কাছেই আত্মসমর্পণ করেননি।’

তিনি বলেন, ‘স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচনে যে যাবে, সে জাতীয় বেইমান হবে বলে আওয়ামী লীগ সভানেত্রী বলেছিলেন। অথচ এমন কথা বলে দরকষাকষি করে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ। জাতীয় বেইমানের মুকুট তিনি নিজেই নিজের মাথায় পরে ক্ষমতার হালুয়া-মোরব্বার ভাগ পেয়েছিলেন। কীভাবে একটি অবৈধ ও অসাংবিধানিক ফখরুদ্দীন-মইনউদ্দিন সরকারের সঙ্গে দরকষাকষি করে ক্ষমতায় এসেছিলেন, সেটিও নিশ্চয়ই জনগণ ভুলে যায়নি। অগণতান্ত্রিক সরকারের সঙ্গে দরকষাকষি ও দেন-দরবারের ঐতিহ্য আওয়ামী লীগের, বিএনপির নয়।’

রিজভী বলেন, ‘রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে নির্দোষ বেগম খালেদা জিয়াকে যেভাবে বন্দি করে রাখা হয়েছে, সেটিই ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে।’