সোনারগাঁ যুবলীগ সভাপতি বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর বিরুদ্ধে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অফিস সহকারীকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বাদী হয়ে গতকাল মঙ্গলবার বিকেলে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অবশ্য অপহৃতদের পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

সুলতান কনস্ট্রাকশনের মালিক সোহাগ রনি জানান, আমার অফিসের লোকজনকে ১০ লাখ টাকা চাঁদার জন্য অপহরণ করা হয়েছিল। তবে আমি সোনারগাঁ থানা পুলিশের সহায়তায় অপহৃতদের উদ্ধার করতে সক্ষম হই।

এ ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সারাদিন সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ছিলাম। এ ব্যাপারে আমি কিছুই জানি না। সোহাগ রনি নিজেই নাটক সাজিয়ে আমাকে ফাঁসাতে চাইছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, অপহরণের বিষয়ে একটি অভিযোগ নেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. ফয়সাল ও মুশফিকুর রহমান সিয়াম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।