শ্রীনগরে বাড়ি থেকে ডেকে নিয়ে রিফাত দেওয়ান (১৬) নামে এক স্কুলছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সিফাত উপজেলার শ্রীধরপুর গ্রামের নিজাম দেওয়ানের ছেলে। নিহতের মামা ইউনুস মঞ্জুর অভিযোগ, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন তরুণ রিফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে শ্রীধরপুর ব্রিজের ওপর গেলে সিরাজদীখান উপজেলার পাউসার গ্রামের ফরিদের ছেলে রাহুল (১৮), একই গ্রামের রবিন (২১) ও বাবুসহ (১৯) কয়েকজন তাকে হাতুড়ি পেটা করে। গুরুতর আহত রিফাতকে রাজধানীর কলাবাগানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে সে মারা যায়। মঞ্জু জানান, গত ২৬ মার্চ সিরাজদীখান উপজেলার শেখরনগর এলাকায় একটি কনসার্টে গেলে রিফাতের সঙ্গে রাহুলসহ কয়েকজন তরুণের ঝগড়া হয়। ওই ঝগড়ার জেরেই এ হত্যাকাণ্ড। শ্রীনগর থানার ওসি ইউনুচ আলী জানান, বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রিফাতকে ডেকে নিয়ে কয়েকজন তরুণ এলোপাতাড়ি পেটায়। গতকাল দুপুরে সে মারা যায়। খবর পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী পাউসার গ্রামে হামলা চালিয়েছে জানিয়ে ওসি বলেন, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।