‘অধিকারবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষকে মূলধারায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ শুরু করেছেন। তৃতীয় লিঙ্গ হিসেবে জম্মগ্রহণ করাটা তাদের অপরাধ নয়, মূল সমস্যা আমাদের দৃষ্টিভঙ্গি। পৃথিবীতে যা-কিছু সৃষ্টি সেটি মহান আল্লাহ তালার। তিনি কেন সৃষ্টি করেছেন সেটি জানার মতো ক্ষমতা আমাদের নেই, তেমনি তাদের অবহেলা করার অধিকার আমাদের নেই। তারা আমাদেরই সন্তান, আমাদের পরিবারের সন্তান।’
নীলফামারীতে গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মিলনায়তনে তৃতীয় লিঙ্গের নাগরিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে উত্তরণ ফাউন্ডেশনের মতবিনিময় সভায় এসব কথা বলেন সাংসদ আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি পুলিশের উপমহাপরিদর্শক (প্রশাসন ও শৃঙ্খলা) হাবিবুর রহমান। তৃতীয় লিঙ্গের নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সমাজ পরিবর্তন হয়েছে। আগে আপনাদের কেউ খবর নিতেন না। এখন সরকার আপনাদের জীবনমান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আপনাদের খোঁজখবর রাখছেন। আপনাদের নিয়ে ভাবছেন।’ অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম আতিকুর রহমান জানান, জেলায় তৃতীয় লিঙ্গের ৫৮ জন নাগরিকের তালিকা পাওয়া গেছে। অনুষ্ঠানে ৩৬ জনের মধ্যে শাড়ি, চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, সেমাইসহ অন্যান্য খাদ্যসামগ্রীর প্যাকেট দেওয়া হয়।