সড়ক পরিবহন আইনের গেজেট চেয়ে রিট

‘সড়ক পরিবহন আইন-২০১৮’ কার্যকরে গেজেট প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী সরওয়ার আহাদ চৌধুরী, একলাছ উদ্দিন ভুঁইয়া ও রিপন বাড়ৈ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন। আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয় সচিব, প্রধানমন্ত্রী সচিবালয়ের সচিব, জনপ্রশাসনসচিব, লেজিসলেটিভ বিভাগের সচিব, সংসদবিষয়ক সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে বিবাদী করা হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, কার্যতালিকায় এলে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি হতে পারে।

রিট আবেদনে, ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ কার্যকর করতে গেজেট প্রকাশে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এই আইন কার্যকর করতে গেজেট প্রকাশে কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে।

আইনটি কার্যকর করতে এর আগে গত ১০ এপ্রিল সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠায় এইচআরপিবি। এতে সাত দিনের সময় দেওয়া হয়। এর ব্যত্যয় হলে উচ্চ আদালতে মামলা করা হবে বলে নোটিসে জানানো হয়।

গত বছরের ২৯ জুলাই রাজধানীতে জাবালে নূরের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার পর কঠোর আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এরপর অনেকটা তড়িঘড়ি করে জাতীয় সংসদে সড়ক পরিবহন আইন পাস করে সরকার। কিন্তু এটি গেজেট আকারে প্রকাশ না হওয়ায় তা কার্যকর করা যাচ্ছে না।