বরেণ্য অভিনেতা সালেহ আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বেলা আড়াইটার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এ অভিনেতার বয়স হয়েছিল ৮৩ বছর।
সালেহ আহমেদের মামাতো ভাই অভিনেতা আহসানুল হক মিনু খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন ভুগছিলেন সালেহ আহমেদ। সপ্তাহ খানেক আগে শারীরিক অবস্থার অবনতি হলে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি।
মিনু জানান, প্রায় পাঁচ বছর ধরে অ্যাপোলো হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন সালেহ আহমেদ।
২০১১ সালে স্ট্রোকের পর থেকে চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খাচ্ছিল এই অভিনেতার পরিবার। চলতি বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র দেন।
বগুড়ার সারিয়াকান্দিতে সালেহ আহমেদের জন্ম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরির পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাট্যমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। স্বাধীনতার আগে থেকে তিনি বিটিভিতে নিয়মিত অভিনয় করতেন।
হুমায়ূন আহমেদের নাটকে ও চলচ্চিত্রে তিনি ছিলেন নিয়মিত অভিনেতা। বিশেষ করে টিভি ধারাবাহিক ‘আয়োময়’ ও চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’র জন্য তাকে স্মরণ করা হয়। স্বীকৃতি হিসেবে পেয়েছেন স্বাধীনতা পদক।