তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাহুল হুড়কে ছুরিকাঘাত করেছে তার সহপাঠী ও বহিরাগতরা।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। রাহুল ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয়ের প্রভাতি শাখার দশম শ্রেণির ছাত্র। সে শহরের পাগলা কানাই এলাকার ডা. রতন কুমার হুড়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাতুলের সাথে সহপাঠী ত্বাঈনের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ত্বাঈন বহিরাগত নয়ন, খালিদ হাসান ও রাকিব রহমান নামের তিন বখাটেকে ডেকে আনে। বহিরাগত বখাটেরা রাতুলকে মারধর করতে গেলে রাহুল তাদের বাঁধা দেয়। এক পর্যায়ে নয়ন, খালিদ ও রাকিব রাহুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।