চাঁপাইনবাবগঞ্জে তরুণকে কুপিয়ে এবং মেহেরপুরের গাংনীতে বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর : চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়ায় রুবেল হোসেন ডালিম (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ডালিম ওই গ্রামের আবুল কাসেমের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, বাড়ির সামনে ট্রাক্টর রাখার ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে ওই গ্রামের একটি চায়ের দোকানে ডালিমের সঙ্গে স্থানীয় আমিরুল, জিয়ারুল, তসিকুল ও মিজানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ডালিমকে হাঁসুয়া দিয়ে কোপায়। পরে তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় জিয়ারুলকে (৪৫) আটক করেছে।
মেহেরপুর : মনোরুদ্দীন (৬০) নামের এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় বৃদ্ধকে হত্যা করা হয়। তার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের কালীতলা পাড়ায়। তিনি পেশায় লাঙল তৈরি কারিগর। তার বাবার নাম মৃত নিহার ফকির। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো মনোরুদ্দীন নিজ বসতবাড়ির একটি ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা হানা দেয় তার শয়নস্থানে। তারা ধারালো অস্ত্র দিয়ে ওই বৃদ্ধকে গলা কেটে হত্যা করে স্থান ত্যাগ করে। পরে বিষয়টি পরিবার ও প্রতিবেশীরা টের পায়।