পরাশক্তিধর দেশ চীন আগামী এক দশকের মধ্যে চাঁদে স্টেশন নির্মাণে মিশন পাঠাবে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে এএফপি। চীন মহাকাশের পরাশক্তি হতে বেশকিছু দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে বলেও জানা যায়। গত জানুয়ারিতে চাঁদের উল্টো পাশে রোভার অবতরণ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেয়।
চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন প্রধান ঝযাং কেজিয়ান বলেন, চাঁদের দক্ষিণ মেরুতে বৈজ্ঞানিক গবেষণা স্টেশন নির্মাণ করা হবে আগামী ১০ বছরের মধ্যে। এছাড়া ২০২০ সালে মঙ্গলগ্রহের উদ্দেশে চতুর্থ মিশনও পাঠানো হবে।
গত বৃহস্পতিবার চীন তাদের লং মার্চ-৫বি রকেটের উদ্বোধন করে। ধারণা করা হচ্ছে, ২০২০ সালে মঙ্গলের মিশনে এই রকেটটি পাঠানো হবে। যদিও এ বিষয়ে চীনের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। চীনের স্পেস প্রকৌশল দপ্তর জানায়, ২০২২ সালে মহাকাশীয় কক্ষপথে যাবে মহাকাশযান তিয়ানগং। এই মহাকাশযানের সফলতার পরই মহাকাশ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, ইউরোপ এবং জাপানের সঙ্গে যৌথ মিশন থেকে সরে আসতে পারে চীন।