পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়ায় কিম

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে সাঁজোয়া ট্রেনে করে রাশিয়ায় পৌঁছেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। গতকাল বুধবার সকালে তিনি রাশিয়ায় পৌঁছান বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের কথা রয়েছে। রুশ উপকূলবর্তী শহর ভ্লাদিভস্তকে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে মূল আলোচ্যসূচি হিসেবে থাকবে উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র ইউরি উশাখোভ বলেছেন, ‘এই বৈঠকের মূল আলোচ্যসূচি হবে পরমাণু ইস্যু। বিগত মাসগুলোতে কোরীয় উপদ্বীপ স্থিতিশীল হয়ে উঠেছে। এ জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ দিতে হয়, কারণ তারা পরমাণু পরীক্ষা বন্ধ করেছে।’

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের দুটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরও উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞায় পরিবর্তন না আসায় পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন কিম। এতে নিজের প্রতি বিদেশি সমর্থন আরও শক্তিশালী হওয়ার আশা করছেন তিনি। ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাখোভ বলেন, পিয়ংইয়ংয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে গত বছর উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৫৬ শতাংশ কমেছে। তবে দুদেশই পারস্পরিক যোগাযোগ রক্ষায় আগ্রহী।