বক্স অফিস যুদ্ধে ‘সূর্যবংশী’ ও ‘ইনশাআল্লাহ’

‘তিস মার খান’, ‘সিং ইজ কিং’, ‘নমস্তে লন্ডন’ সিনেমাগুলোতে অক্ষয়-ক্যাটরিনার জুটি পছন্দ করেছেন দর্শক। তবে দীর্ঘদিন কোনো সিনেমায় এই জুটির দেখা মেলেনি। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’তে নায়িকার ভূমিকায় দেখা যেতে পারে ক্যাটরিনা কাইফকে। অক্ষয় নিজেও চেয়েছিলেন এই সিনেমায় ক্যাটই থাকুক তার বিপরীতে। ক্যাটরিনার আগে এই চরিত্রে অভিনয় করার কথা ছিল জ্যাকুলিন ফার্নান্দেজের। অবশেষে সিনেমাটিতে ক্যাটরিনার অন্তর্ভুক্তির কথা চূড়ান্ত হয়েছে। করণ জোহরের লেখা স্ক্রিপ্ট ও প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন সুপারহিট ডিরেক্টর রোহিত শেঠি। তার ‘সিংঘাম’ সিরিজ আর ‘সিম্বা’র পর এবারের ‘সূর্যবংশী’ও পুলিশের কাহিনী নিয়ে নির্মিত হবে। শোনা যাচ্ছে, এই সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে রোহিত শেঠির আগের দুই পুলিশ অফিসার অজয় দেবগন ও রণবীর সিংকে। ফলে এটি হয়ে উঠতে যাচ্ছে বলিউডের অন্যতম কাক্সিক্ষত সিনেমা। ২০২০ সালের ঈদুল ফিতরকে সামনে রেখে সিনেমার কাজ করবেন নির্মাতা।

এদিকে, বলিউডে ঈদুল ফিতর মানেই সালমান খানের সিনেমা। সর্বশেষ অনেক বছর এই রীতিই চলছে। এবারের ঈদেও মুক্তি পাচ্ছে তার আলোচিত সিনেমা ‘ভারত’। তবে ২০২০ সালের ঈদে সালমানের কোনো সিনেমার ঘোষণা আসেনি এত দিন। তাই ভক্তরা বেশ অবাক হয়েছিলেন সালমান ছাড়া ঈদ পালনের কথা ভেবে। অবশেষে ঘোষণা এসেছে। সালমান-আলিয়া ভাট জুটির প্রথম সিনেমা সঞ্জয়লীলা বানসালির বহুল আলোচিত ‘ইনশাআল্লাহ’ মুক্তি পাবে ২০২০ সালের ঈদে। তার মানে বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও অক্ষয় কুমারের।

এদিকে ‘ইনশাআল্লাহ’তে সালমান ও আলিয়ার নাম ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পর্দায় সালমান ও আলিয়াকে জুটি হিসেবে দেখা যাবেÑ এই ভেবে অনেকে তাদের মধ্যে বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অনেকে বিদ্রুপও করেন। বিষয়টি নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন আলিয়া ভাট। এই অভিনেত্রী বলেন, ‘আমি কোনো সমালোচনা শুনিনি। বরং, অনেক উচ্ছ্বাস দেখতে পেয়েছি। আমি মনে করি, গুঞ্জনও উচ্ছ্বাসের আরেক রূপ, তাহলে এখানে গুঞ্জন থাকবে না কেন। গুঞ্জন থাকা উচিত এবং এ নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আমার ধারণা, সালমান ও বানসালি স্যারেরও এ নিয়ে কোনো অসুবিধা নেই। নির্মাতা আমাদের একটি ভালো সিনেমা দিয়েছেন। তিনি এমন একজন, যাকে আমরা সবাই পছন্দ করি। আমার মতে, তার চিন্তাধারার ওপর আমাদের বিশ্বাস রাখা উচিত।’

দীর্ঘ দুই দশক পর আবার সঞ্জয়লীলা বানসালির সিনেমায় অভিনয় করছেন সালমান খান। প্রথমে শোনা যায়, সিনেমাটির নাম দিল দে দিয়া ইনশাআল্লাহ, পেয়ার হো গায়া ইনশাআল্লাহ রাখার পরিকল্পনা করছেন নির্মাতারা। তবে শেষ পর্যন্ত সিনেমাটির নাম ইনশাআল্লাহ নির্ধারণ করেছেন তারা। সঞ্জয়লীলা বানসালির সঙ্গে আলিয়ার এটি প্রথম সিনেমা। এর আগে এ নির্মাতার ব্ল্যাক সিনেমার একটি চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন আলিয়া। কিন্তু শেষ পর্যন্ত বাদ পড়েন তিনি।

বর্তমানে দাবাং-থ্রি সিনেমার শ্যুটিং করছেন সালমান খান। এ ছাড়া চলতি বছর ঈদুল ফিতরে তার ‘ভারত’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সালমানের ‘ভারত’ সিনেমায় ক্যাটরিনাও রয়েছেন। যদিও শেষ বছর দুই খান আমির ও শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা। যদিও ‘থাগস অব হিন্দুস্তান’ বা ‘জিরো’ কোনোটাই ভালো ব্যবসা করতে পারেনি। অন্যদিকে ‘কেশরি’তে পরিণীতি চোপড়ার সঙ্গে অভিনয় করেছেন অক্ষয়। সিনেমাটি সুপারহিট হয়েছে। এ ছাড়া তাকে দেখা যাবে হাউসফুল-৪ এবং করণ জোহারের গুড নিউজেও। এই দুটি সিনেমার পর মিশন মঙ্গলেও অভিনয় করবেন তিনি। অন্যদিকে কয়েক দিন আগে মুক্তি পেয়েছে আলিয়া ভাটের ‘কলঙ্ক’ সিনেমাটি। তার পরবর্তী সিনেমা ব্রহ্মাস্ত্র ও সড়ক টু। বাহুবলীখ্যাত নির্মাতা রাজামৌলীর সিনেমায়ও দেখা যাবে এ অভিনেত্রীকে।