ক্রয় কমিটির সভা শেষে অর্থমন্ত্রী

সিপিডির চেয়ে আমরা বড়

সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির যে তথ্য প্রকাশ করে, তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার একদিনের মধ্যে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) উদ্দেশ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমরা সিপিডির চেয়ে বড়।’

গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় মঙ্গলবার সিপিডির প্রকাশিত বিভিন্ন তথ্য তুলে ধরে মন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান। এ সময় তিনি বলেন, ‘তাদের কাছে যা আছে, এগুলো আগে আমাকে দিতে বলেন। তাদের থেকে আমরা বড়। তাদের কাছে কী তথ্য আছে, তা আমাদের দিক।’

বর্তমান সরকারের ১০০ দিন নিয়ে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবৃদ্ধির হিসাব নিয়ে সংশয় প্রকাশ সিপিডি জানায়, প্রবৃদ্ধির হিসাব বাস্তবসম্মত নয়। অর্থনীতির সূচকগুলোর সঙ্গে এর মিল নেই। জিডিপির হিসাব আরও গভীরে গিয়ে করা উচিত। তা না হলে নীতিনির্ধারণে সমস্যা হবে।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১১৩ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক বাজার থেকে ৫০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম। তিনি জানান, টনপ্রতি ২৬৮ ডলারে গম সরবরাহের কাজ পেয়েছে কর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিডেট।

এছাড়া, আরবান প্রাইমারি হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের একটি ক্রয় প্রস্তাব উপস্থাপন করে স্থানীয় সরকার বিভাগ। কমিটি পরিকল্পনা কমিশন থেকে আগে প্রকল্পের অনুমোদন নেওয়ার সুপারিশ করে ফেরত দিয়েছে।