ভিসা জটিলতায় দলের আক্রমণভাগে প্রধান অস্ত্র সানডে চিজোবাকে ছাড়াই ভারত যেতে হচ্ছে আবাহনী লিমিটেডকে। এ নাইজেরিয়ান স্ট্রাইকারকে বাংলাদেশ থেকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ফলে তাকে ছাড়াই এএফসি কাপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক চেন্নাইন এএফসির মোকাবিলা করতে হবে প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া আবাহনীকে।
দলটির ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জানান, ভারতীয় হাইকমিশন এক সপ্তাহ আগে সানডের পাসপোর্ট জমা না নিয়ে জানিয়ে দেয় তাকে তার নিজ দেশ থেকে ভিসা নিয়ে আসতে হবে। এরপর আবাহনীর পক্ষ থেকে বিষয়টি এএফসি এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে জানানো হয়। কিন্তু গতকাল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে জানিয়ে দেওয়া হয়, সানডেকে ভিসা দেওয়ার ক্ষেত্রে তাদের কিছু করার নেই। রুপু বলেন, ‘গত বছর ঢাকা থেকেই ভিসা করিয়ে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে এএফসি কাপের ম্যাচ খেলতে। কিন্তু এবার তাকে ভিসা দেওয়া হয়নি। তার না থাকাটা আমাদের জন্য বড় দুঃসংবাদ। কারণ আমাদের এখন তিনজন বিদেশি নিয়ে শক্তিশালী চেন্নাইন এএফসির বিপক্ষে লড়তে হবে।’ ভারতের আহমেদাবাদে ৩০ মে ম্যাচটি খেলতে ২৭ এপ্রিল ঢাকা ছাড়ার কথা রয়েছে আবাহনীর।