ছিনতাইয়ের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে কর্র্তৃপক্ষ। তারা হলো পরিসংখ্যান বিভাগের ফাহিম আহমেদ খান রাতুল ও ভূগোল ও পরিবেশ বিভাগের মারুফ আহমেদ।
অভিযোগে জানা যায়, নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বন্ধুদের নিয়ে ঘুরতে এলে রাতুল ও মারুফ তাদের বাহাদুর শাহ পার্কে ডেকে অশোভন আচরণ করে এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। প্রাথমিক তদন্তে ঘটনায় ওই দুজনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাই তাদের সাময়িক বহিষ্কারের পাশাপাশি স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না সে ব্যাপারে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
অভিযোগের বিষয়ে রাতুল বলে, ‘আমি জবি ছাত্রলীগের সাবেক নেতা জয়নাল আবেদিন রাসেলের রাজনীতি করতাম। এ নিয়ে ক্যাম্পাসে অন্যদের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এজন্যই আমাকে ফাঁসানো হয়েছে।’ মারুফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের জন্য তিনটি নতুন গাড়ি : পরিবহন সংকট দূর করতে নতুন তিনটি গাড়ি কিনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার দুপুরে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান নতুন গাড়ি উদ্বোধন করে চাবি পরিবহন প্রশাসক আবদুল্লাহ-আল-মাসুদের কাছে হস্তান্তর করেন।