জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশে নারী ও শিশু ধর্ষণ মহামারীর রূপ নিয়েছে। তাই একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যায় মতিঝিলে নিজের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
কামাল বলেন, আইন প্রয়োগকারী সংস্থা আইন ভঙ্গকারীদের ব্যাপারে নিষ্ক্রিয়। তবে মানবাধিকার নিয়ে যারা কাজ করেন তাদের বিরুদ্ধে সক্রিয়। দেশের মানুষের অধিকার রক্ষায়, আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নিতে হবে।
৩০ এপ্রিল গণজমায়েত : জেএসডির সভাপতি ও ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য আ স ম আবদুর রব বলেন, ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যা বন্ধের দাবিতে ৩০ এপ্রিল শাহবাগে জমায়েত হবে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। পুলিশ যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করত তাহলে হায়েনাদের মতো শিশু ও নারীদের ওপর অত্যাচার হতো না।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, ডা. জাহিদুর রহমান, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন ও কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী বৈঠকে উপস্থিত ছিলেন।