বেল্ট অ্যান্ড রোড সম্মেলন

যোগ দিচ্ছে বাংলাদেশসহ ১৫০টি দেশ

চীনের বেইজিংয়ে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বেল্ট অ্যান্ড রোড সম্মেলন। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ১৫০টি দেশ অংশগ্রহণ করছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে একটি প্রতিনিধিদল বেল্ট অ্যান্ড রোড সম্মেলনে যোগ দিচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে।

জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যবিষয়ক অ্যাডভাইজরি প্যানেলের বিশেষজ্ঞ, বাংলাদেশের অটিজমবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল সম্মেলনে বক্তব্য রাখবেন। এ ছাড়া প্রতিনিধি দলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন।

জানা গেছে, এই সম্মেলনে ৪০টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান যোগ দিচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, আসিয়ান দেশগুলোর সরকারপ্রধান, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া, এশিয়া ও আফ্রিকার নেতারা এ সামিটে যোগ দিচ্ছেন। বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে যুক্ত হয়েছে ১২৬টি দেশ ও ২৯টি আন্তর্জাতিক সংস্থা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন।

উল্লেখ্য, ২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরকালে বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়। শি জিনপিংয়ের  সফরকালে দু’দেশের সরকার বিনিয়োগ ও ঋণ সংক্রান্ত ২৭টি চুক্তি স্বাক্ষর করে। এর অর্থমূল্য ২৪০০ কোটি ডলার। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতারা সবসময় চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে স্বাগত জানিয়ে আসছে।