উত্তরের ৪ জেলায় পরিবহন ধর্মঘট চলছে

শ্যামলী পরিবহনের একটি বাসের চালককে মারধর করে হত্যার অভিযোগে ঠাকুরগাঁওসহ উত্তরের ৪ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।

বুধবার সন্ধ্যায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। তবে ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার সকাল ৬টা সকাল থেকে সব ধরনের পরিবহন বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস ছাড়েনি। এতে দুর্ভোগে পড়েছে জেলার যাত্রীরা। অনেকে টার্মিনালে এসে ঘুরে যাচ্ছেন, কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশা থ্রি-হুইলার গাড়িতে বিকল্পভাবে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।

দিনাজপুর জেলার ইউসুফ আলী স্ত্রী নিয়ে তিন দিন ধরে ঠাকুরগাঁওয়ে। ফিরবেন বাড়িতে। সকাল ৬টা থেকে ঠাকুরগাঁও-দিনজপুর রুটের সত্যপীর ব্রিজের হাজির মোড়ে বসে আছেন গাড়ির আশায়। কিন্তু শুনলেন ধর্মঘট।

ঠাকুরগাঁও টার্মিনালে এসে অপেক্ষা করছেন হোসনে আরা বেগম। যাবেন দিনাজপুরে। মেয়ের বাড়ি ঠাকুরগাঁওয়ে বেড়াতে এসেছেন। গাড়ি না পেয়ে ঘুরে যাচ্ছেন।

ঠিক তেমনি গাইবান্ধার পলাশবাড়িতে চাকরি করেন ইসমাইল হোসেন। স্ত্রীকে নিয়ে রিকশায় চড়ে এগিয়ে যাচ্ছেন। যত দূর এগিয়ে যাওয়া যায়।

ইসমাইল হোসেন বলেন, আজ তার চাকরিতে যোগদান করতেই হবে। ছুটি শেষ। কিন্তু তার ভোগান্তির শেষ নেই বলে জানান তিনি।

মটর শ্রমিক নুরুজ্জামান জানান, তিনি ঠাকুরগাঁও-দিনাজপুর রুটের মিনি বাসের সুপারভাইজার। তিনি সকালে এসেছেন গাড়ি চালাতে। কিন্তু এসে জানতে পারেন পরিবহন ধর্মঘট। তাই সকাল থেকে অলস সময় পার করছেন টার্মিনালে।

তার মতোই আরেক শ্রমিক গোলাম রহমান বলেন, বাসের চালককে হত্যার প্রতিবাদে এই ধর্মঘট। ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানান তিনি।

ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, বাস চালক হত্যা প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

পঞ্চগড় জেলার মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারব হোসেন বলেন, সকাল থেকে এই অনির্দিষ্টকালে ধর্মঘট শুরু হয়েছে। এটি অনির্দিষ্টকালের জন্য বলে জানান তিনি।

সোমবার রাতে চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলী সংলগ্ন শিকলবাহা ব্রিজ এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার  (ডিবি) সদস্য পরিচয় দিয়ে শ্যামলী পরিবহনের একটি বাসের চালক জালাল উদ্দিনকে মারধর করে হত্যা করা হয়। নিহত বাস চালক জালাল উদ্দিনের বাড়ি দিনাজপুর জেলার ১০ মাইলে বলে জানান শ্রমিকরা।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৬টা থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।