শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী অভিযানে পুলিশ

দিনাজপুরের হাকিমপুরে মাদকের ভয়াবহতা রুখতে এলাকার চিহ্নিত মাদক কারবারিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। আর এ কাজে পুলিশকে সহযোগিতা করছেন স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। তারা আগামী এক মাসের মধ্যে হাকিমপুর উপজেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ ও গার্লস স্কুলের ছাত্রছাত্রীরা একজোট হয়ে মাদকমুক্ত হিলি ঘোষণার অঙ্গীকার করেন। পুলিশকে সঙ্গে নিয়ে তারা হাকিমপুরের মাদক অধ্যুষিত কালিগঞ্জে চিহ্নিত মাদক কারবারিদের বাড়ি বাড়ি অভিযান চালান। এ সময় পুলিশ, শিক্ষার্থীদের মাদকবিরোধী অভিযানের খবর পেয়ে মাদক কারবারিরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

শিক্ষার্থী ও পুলিশের মাদকবিরোধী এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এলাকার সচেতন মানুষ। তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্রছাত্রীরা মাদকবিরোধী অভিযানে অংশগ্রহণ করায় এ কার্যক্রম আরও বেগবান হবে।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, মাদকবিরোধী অভিযানে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে সহযোগিতায় করায় মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে উঠবে।