এক ওয়ানডে খেলেই বিশ্বকাপে রাসেল

সবার শেষে ২০১৯ বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। দল ঘোষণায় দেরি দেখে বিশাল চমকের আশায় ছিল সমর্থকরা। কিন্তু আন্দ্রে রাসেলের ফেরা ছাড়া বড় খবর নেই। আইপিএলে কলকাতার হয়ে যে ফর্ম দেখাচ্ছেন তাতে এই বিধ্বংসী অলরাউন্ডারকে না নিয়ে উপায় ছিল না উইন্ডিজ ক্রিকেট বোর্ডের। তাই ২০১৫ বিশ্বকাপের পর মাঝের চার বছরে মাত্র একটি ওয়ানডে খেলা রাসেল ফিরলেন। ওই একটি ওয়ানডে ছিল জুলাইতে বাংলাদেশের বিপক্ষে। ওয়ানডে দলে ফেরার স্বপ্ন দেখছিলেন কায়রন পোলার্ড ও সুনিল নারাইন। কিন্তু তাদের স্বপ্ন ভুল। একই সঙ্গে ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসেরও সুযোগ হয়নি বিশ্বকাপ দলে।

ইংলিশ কন্ডিশন বিবেচনায় পেসনির্ভর দল গড়েছে উইন্ডিজ। দলে আছেন সাতজন পেসার। পাঁচজনই স্পেশালিস্ট। বাকি দুজন আন্দ্রে রাসেল ও কার্লোস ব্রাফেট পেস বোলিং অলরাউন্ডার। স্পিনার মাত্র দুজন ফ্যাবিয়ান অ্যালেন ও অ্যাশলে নার্স। পাঁচ পেসারের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ শ্যানন গ্যাব্রিয়েল সর্বশেষ ওয়ানডে খেলেছেন দুই বছর আগে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ মিস করা পেসার কেমার রোচও ফিরেছেন বিশ্বকাপ দলে। এছাড়া অধিনায়ক জেসন হোল্ডারের পাশাপাশি পেস বিভাগের বাকি দুই সদস্য শেলডন কটরেল ও ওশেন থমাস।

ব্যাটিংয়ে ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট খেলার ঘোষণা দিয়ে রাখা ক্রিস গেইল আছেন। এটি তার পঞ্চম বিশ্বকাপ। সঙ্গে ওপেনার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ মিস করা ইভিন লুইস উইন্ডিজ বোর্ডের প্রথম পছন্দ। ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার ও নিকোলাস পুরানে গড়া উইন্ডিজ মিডল অর্ডার বেশ অনভিজ্ঞ। বোঝাই যাচ্ছে বোলিংনির্ভর দল গড়া উইন্ডিজ গেইল বা রাসেলের ব্যাটেই তাকিয়ে থাকবে।

সম্প্রতি নতুন নির্বাচক প্যানেল পেয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। যাতে নামকরা সাবেক ক্রিকেটাররা আছেন। বোর্ডের পরিচালক জিমি অ্যাডামস, নির্বাচক প্যানেলের চেয়ারম্যান রবার্ট হেয়নেস ও কোচ ফ্লোয়েড রেইফার। এই কমিটি আসায় দলে সুযোগ না পাওয়াদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। কিছুদিন আগে আইপিএলে ভালো করতে থাকা পোলার্ড বিশ্বকাপ দলে ডাক পাওয়ার আশা প্রকাশ করেন। গেইল ওয়ানডে দলে থাকায় তার স্বপ্ন আরও উজ্জ্বল হয়। এদিকে ডোয়াইন ব্রাভোর অবসর ভেঙে ফিরে আসার খবরও প্রকাশ পায়। কিন্তু শেষ পর্যন্ত তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়।

আগামী ৫ মে থেকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে উইন্ডিজ। স্বাগতিকরা ছাড়াও সিরিজের অন্য দল বাংলাদেশ। ওই সিরিজের দলে ডাক পাননি বিশ্বকাপ দলে থাকা সাত ক্রিকেটার।