জয়পুরহাটের ক্ষেতলালে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূল অভিযুক্ত রাব্বিকে আটক করেছে পুলিশ। আটককৃত রাব্বি (১৭) ক্ষেতলাল উপজেলার বিনাই পাঁচকুপি গ্রামের বজলুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ক্ষেতলাল উপজেলার ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে বুধবার বিকেল থেকে পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিল না। পরদিন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে এক কি.মি. দূরে থাবাইল মাঠ এলাকায় রাব্বি ও তার সহযোগী দুই বন্ধু মেয়েটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায়। মেয়েটির কাছ থেকে পরিবারের লোকজন জানতে পারে রাব্বি তার বন্ধুদের সহযোগিতায় পাশের গ্রাম সাখিদার পাড়ার তার চাচার বাড়িতে নিয়ে গিয়ে সারা রাত ধর্ষণ করে। তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে সন্ধ্যার পর উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে মূল অভিযুক্ত রাব্বিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। বর্তমানে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।