জেমস বন্ডকে সহজে জিততে দেবে না রামি মালিক

জেমস বন্ডের ভিলেনের জুতা পায়ে গলাতে যাচ্ছেন ‘বোহিমিয়ান র‌্যাপসডি’ সিনেমায় গায়ক ফ্রেড মার্কারি চরিত্রে অভিনয় করে অস্কারজয়ী রামি মালিক। আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা।

বৃহস্পতিবার এক লাইভ স্ট্রিমিং অনুষ্ঠানে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। ওই সময় অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা।

তবে রামি মালিক ওই আয়োজনে উপস্থিত ছিলেন না। তিনি এক ভিডিও বার্তায়, ২৫তম কিস্তিতে জেমস বন্ডকে সহজে জিততে দেবেন না।

এই সিনেমায় পঞ্চমবারের মতো ব্রিটিশ সিক্রেট সার্ভিসের আইকনিক চরিত্রে অভিনয় করবেন ড্যানিয়েল ক্রেগ। আরও থাকছেন আনা ডে আরমাস, ডালি বেনসালা, বিলি ম্যাগনুসেন, লাশানা লিঞ্চসহ অনেকে।

আপাতত ‘বন্ড ২৫’ নামে সিনেমাটিকে ডাকা হচ্ছে। মুক্তি পাবে ২০২০ সালের ৮ এপ্রিল।

এর শুটিং লোকেশনের মধ্যে রয়েছে জ্যামাইকা, নরওয়ে, লন্ডন ও ইতালি।

শুরুর দিকে ‘বন্ড ২৫’ নির্মাণের কথা ছিল ড্যানি বয়েলের। পরে প্রযোজকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে মতানৈক্যের সূত্রে ছবিটি ছেড়ে দেন। এ কারণ ২০১৮ সালের অক্টোবর থেকে পিছিয়ে মুক্তির তারিখ ফেলা হয় ২০২০ সালে।

বর্তমান পরিচালক ফুকুনাগা বেশ কয়েকটি প্রশংসিত প্রজেক্টের সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে আছে এইবিও’র জনপ্রিয় সিরিজ ‘ট্রু ডিটেক্টিভ’-এর প্রথম সিজন। তালিকায় আরও আছে নেটফ্লিক্স অরিজিনাল ম্যানিয়াক, সিনেমা সিন নমব্রি, জেন আয়ার ও বিস্টস অব নো নেশন।

এর আগে বন্ড সিরিজের ক্যাসিনো রয়্যাল, কোয়ান্টাম অব সোলাস, স্কাইফল ও স্পেক্টা’য় দেখা দেন ড্যানিয়েল ক্রেগ। শেষ সিনেমাটির পর ২০১৫ সালে জানান, জেমস বন্ড সিনেমায় তাকে আর দেখা যাবে না। কিন্তু ২০১৭ সালের আগস্টে মত পরিবর্তনের ঘোষণা দেন। সেই হিসেবে ‘বন্ড ২৫’ হতে যাচ্ছে এ সিরিজে তার শেষ সিনেমা।