৩০ সেকেন্ডেই বাংলাদেশকে লিড এনে দিলেন সানজিদা

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। স্বাগতিকদের প্রতিপক্ষ কিরগিজস্তান। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটিতেই মাত্র ৩০ সেকেন্ডেই গোল আদায় করে নিয়েছে বাংলাদেশ। কৃষ্ণা রানী সরকারের এসিস্ট থেকে সানজিদা আক্তার বল জালে জড়িয়ে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল।

আসরে দুই দলেরই ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনাল। এ ম্যাচটি তাই দুদলের জন্যই গ্রুপ সেরা হওয়ার লড়াই। সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। একই প্রতিপক্ষের বিপক্ষে কিরগিজস্তান জয় পায় ২-১ গোলে।

২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইয়ে এই কিরগিজস্তানকে ১০-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তবে এটি অনূর্ধ্ব-১৯ পর্যায় বলে চ্যালেঞ্জটা ভিন্ন। বাংলাদেশ অবশ্য বড় জয় তুলে নেওয়ার প্রত্যাশাতেই মাঠে নেমেছে।

আরব আমিরাতের বিপক্ষে খেলা ম্যাচের শুরুর একাদশ অপরিবর্তত রেখেই এদিন মাঠে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:

রূপনা চাকমা (গোলরক্ষক), শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, নার্গিস খাতুন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মিসরাত জাহান মৌসুমী (অধিনায়ক), সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, মারিয়া মান্ডা, আঁখি খাতুন।