গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

খেলার মাত্র ৩০ সেকেন্ডেই গোল আদায় করলেন সানজিদা আক্তার। দ্বিতীয়ার্ধে গোল করালেন কৃষ্ণা রানী সরকারকে দিয়ে। এই দুইয়ের নৈপুণ্যে কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ।

শুক্রবার বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ২-১ গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। অবশ্য অসংখ্য সুযোগ হাতছাড়া হয়েছে ম্যাচে। নইলে বাংলাদেশের জয়ের ব্যবধান ১০ গোলেরও হতে পারত।

এই গ্রুপের অন্য দল সংযুক্ত আরব আমিরাতকে দুই দলই হারায় নিজেদের প্রথম ম্যাচে। বাংলাদেশ ২-০ ও কিরগিজস্তান ২-১ এ জয় তুলে নেয়। তাতে দুই দলেরই আগেই নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনাল।

এদিন খেলার শুরুতেই প্রতিপক্ষের সীমানায় সংঘবদ্ধ আক্রমণের হানা বাংলাদেশের। ম্যাচের ৩০ সেকেন্ডে ডি-বক্সের ভেতরে বাঁ-প্রান্ত থেকে নেওয়া কৃষ্ণার শট কিরগিজস্তানের গোলরক্ষক গ্রিপ করতে ব্যর্থ হন। ফাঁকা জায়গায় বল পেয়ে যাওয়া সানজিদা গোল করতে ভুল করেননি।

এরপর একে একে সুযোগ তৈরি করে গেল বাংলাদেশ, কিন্তু ব্যবধান বাড়ছিল না। ২৪ মিনিটে ডানপ্রান্ত থেকে সানজিদার করা ক্রসে মাথা ছোঁয়ান কৃষ্ণা। কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গোল পায়নি বাংলাদেশ। ২৯ মিনিটে ফের সুযোগ হাতছাড়া করেন কৃষ্ণা।

৩৫ মিনিটে বাংলাদেশ যে লিড বাড়াতে পারল না তার জন্য শুধু ভাগ্যকেই দায় দেওয়া যায়। শামসুন্নাহার সিনিয়রের বাড়ানো বল ডি-বক্সে দুর্দান্ত ড্রিবলিংয়ের পর পোস্টে জোরালো শট নেন মার্জিয়া। কিন্তু সেটি ক্রসবারে লেগে প্রতিহত হওয়ায় গোল বঞ্চিত হয় বাংলাদেশ। ২৪ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়া স্বপ্নার জায়গায় মাঠে নেমেছিলেন ময়মনসিংহের মেয়ে মার্জিয়া।

৪৩ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন সানজিদা। বাঁ-প্রান্ত থেকে মার্জিয়ার ক্রস প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে সানজিদার পায়ে আসে। প্রায় ফাঁকা পেয়েও বলটি তিনি তুলে দেন পোস্টের অনেক ওপর দিয়ে।

প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে আক্রমণে যান মার্জিয়া। ডি-বক্সে একাধিক খেলোয়াড়কে ফাঁকি দিয়ে শট নিলেও তিনি সেটি পোস্টে রাখতে পারেননি।

বিরতির পরও বাংলাদেশের আক্রমণের মধ্যদিয়েই খেলা শুরু। তবে সুযোগ তৈরি করেও হাতছাড়া হচ্ছিল বারবার। ম্যাচের ৫৯ মিনিটে সানজিদা ও কৃষ্ণার কম্বিনেশনে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ডানপ্রান্ত থেকে সানজিদা প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে দুর্দান্তভাবে ক্রস করেন যাতে মাথা ছুঁইয়ে গোল আদায় করে নেন আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের সেরা খেলোয়াড় কৃষ্ণা।

পাল্টা আক্রমণ থেকে কিরগিজস্তান ব্যবধান কমায় ৬৮ মিনিটে। আখমাতকুলোভা জারিনা দূরপাল্লার শটটি থেকে অবশ্য গোল পায় বাংলাদেশ গোলরক্ষক রূপনা চাকমার ভুলে। তার গ্লাভস গলে বল জালে ঢুকে।

এরপর আহত হয়ে মাঠ ছাড়েন কৃষ্ণা। পরে তার জায়গায় সাজেদাকে মাঠে নামান কোচ ছোটন। সানজিদাকে তুলে নিয়ে নামানো হয় তহুরাকে। তাতে আক্রমণভাগে বাংলাদেশের চেহারাটাই যায় বদলে। যদিও গোল মিসের মহড়াটা আর বদলায়নি।

৮৭ মিনিটে সাজেদা সহজ সুযোগ হাতছাড়া করার পর মুহূর্তে আরেকবার একই কাজ করেন। যোগ করা সময়ে মার্জিয়া পোস্টের ওপর দিয়ে বল মারলে আর ব্যবধান বাড়ানো হয়নি বাংলাদেশের।

আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ সোম ও মঙ্গলবার। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ মঙ্গলবার খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে।

অবশ্য ‘এ’ গ্রুপের তিন দলের মধ্যে এখনো সেমিফাইনাল নিশ্চিত হয়নি কারো। শুক্রবার লাওস ও তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচের পর জানা যাবে সেটি। গ্রুপের অন্য দল মঙ্গোলিয়া।