সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে শ্রীলঙ্কার প্রতি ঘরে তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। গতকাল শুক্রবার প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘কোনো অপরিচিত ব্যক্তি যেন এখানে বাস না করতে পারে, তাই স্থায়ী অধিবাসীদের তালিকা করে প্রতি ঘরে তল্লাশি চালানো হবে।’
সাম্প্রতিক সন্ত্রাসী হামলার আগাম গোয়েন্দা রিপোর্টকে অবহেলার কারণে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশটির প্রতিরক্ষা সচিব এবং পুলিশপ্রধানকে বরখাস্ত করেছেন। এ ছাড়া প্রতিরক্ষা দপ্তরকে ঢেলে সাজানোরও ঘোষণা দিয়েছেন তিনি।
নিরাপত্তাজনিত কারণে জুমার নামাজ ঘরে আদায় করতে শ্রীলঙ্কা সরকারের নির্দেশনা অমান্য করে শ্রীলঙ্কার মুসলিমরা গতকাল শুক্রবার মসজিদে নামাজ আদায় করে। দেশটির কল্লুপিতিয়া জুমা মসজিদের বাইরে এ সময় পুলিশকে পাহারা দিতে দেখা যায়।
এদিকে শ্রীলঙ্কা পুলিশ গত বৃহস্পতিবার হামলাকারী ছয়জনের নাম ও ছবি প্রকাশ করে। কিন্তু প্রকাশিত ছবিগুলোর মধ্যে একজন নারী হামলাকারীর ভুল ছবি প্রকাশ করা হয়। যে নারীর ছবি প্রকাশ করা হয় তিনি যুক্তরাষ্ট্র নিবাসী একজন অধিকারকর্মী। হামলার মূল পরিকল্পনাকারী জাহরান হোটেল শাংগ্রি-লাতে মারা গেছে বলে জানায় শ্রীলঙ্কা সরকার। এই জাহরান সম্পর্কে দেশটির মুসলিম সম্প্রদায়ের নেতারা আগে থেকেই সতর্ক করে দিয়েছিল সরকারকে। কিন্তু সতর্কতা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।