ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে মহাসড়কের দুইপ্রান্তে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে এ যানজট শুরু হয়ে গতকাল শুক্রবার দিনভর অব্যাহতভাবে লেগে থাকা এ জটের কবলে পড়ে শতশত পরিবহনযাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন।
অনেক যাত্রীকে তাদের গন্তব্যে হেঁটে যেতে দেখা গেছে। অনেকে আবার প্রচ- দাবদাহে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে আটকে থেকে অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষ করে এ প্রচ- গরমে নারী ও শিশুদের পোহাতে হয়েছে চরম ভোগান্তি।
এ পথে চলাচলকারী গাড়ির চালকরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুতে ওঠার সময় সড়কে মেরামত কাজের জন্য এক লেন করে গাড়ি চলাচল করে। ফলে অতিরিক্ত গাড়ির চাপে গত কয়েক দিন ধরে মদনপুর থেকে কাঁচপুর পর্যন্ত যানজট লেগেই আছে। অন্যদিকে, গতকাল সাপ্তাহিক ছুটি থাকার কারণে অতিরিক্ত যানবাহনের চাপে এ যানজট সৃষ্টি হয়েছে।
ঢাকা থেকে হোমনাগামী বাসের যাত্রী সাইমন জানান, একদিকে যানজট, অন্যদিকে অতিরিক্ত দাবদাহের কারণে অনেক যাত্রী গাড়িতে অসুস্থ হয়ে পড়েছেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি (তদন্ত) আলী রেজা জানান, কাঁচপুর সেতুর ঢালে চার লেনের রাস্তার এক লেনে গাড়ি চলাচল করছে। বাকি তিনটি লেনে মেরামতের কাজ চলার কারণে কয়েক দিন ধরে মদনপুর থেকে কাঁচপুর সেতু পর্যন্ত যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া মেঘনা দ্বিতীয় সেতুর কাজ করার কারণে মেঘনা সেতু এক লেন হওয়ায় অতিরিক্ত গাড়ি সেতুর মুখে গিয়ে আটকে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।