আলোচনায় মোজাম্মেল হক

বিএনপির জন্ম সামরিকতন্ত্রের কোলে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বিএনপির জন্ম গণতান্ত্রিক উপায়ে হয়নি, সামরিকতন্ত্রের কোলে তাদের জন্ম। যেভাবে জন্ম হয়েছে, ঠিক একই উপায়ে বিএনপি হারিয়ে যাবে।’ গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় সভায় এ কথা বলেন তিনি।

মোজাম্মেল হক বলেন, ‘বিএনপির একজন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। তাকে আমি ধন্যবাদ জানাই। জনগণ তাদের ভোট দিয়েছে সংসদে গিয়ে কথা বলার জন্য, বিএনপির উচিত সংসদে এসে কথা বলা।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার রক্ত ও আদর্শের উত্তরসূরি, তার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ কায়েম হবেই।’      

মুজিবনগর দিবস উপলক্ষে ‘চলমান সুস্থ ধারার রাজনীতি ও শুদ্ধি অভিযান এবং করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ। সংগঠনের সভাপতি জহির উদ্দিন মবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক লীগের সাবেক সভাপতি এম এ করিম, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হক সবুজ, পরিষদের মহানগর সভাপতি তাহেরা খাতুন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।