এবারের বিশ্বকাপ ‘ভীষণ জমজমাট’ হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সৌরভ গাঙ্গুলির। কারণ ফরম্যাট। ইংল্যান্ডের আসন্ন বিশ্বকাপ হবে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে। প্রতিটি দল খেলবে পরস্পরের বিপক্ষে। কোনো ফেভারিট দলেরই আগে থেকে বাদ পড়ার সম্ভাবনা নেই। আবার এই বিশ্বকাপে কোনো দলকে নতুন শক্তি হিসেবে সেমিফাইনালে উঠতে হলে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। বিশ্বকাপের আসর কেন জমজমাট হবে সেই ব্যাখ্যা দিতে গিয়ে সৌরভ বলেন, ‘এটা অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ হতে যাচ্ছে। ভারতীয় দল এতটাই শক্তিশালী যে, তারা যেকোনো টুর্নামেন্টের ফেভারিট হতে পারে। এটা সম্ভবত বিশ্বকাপের সেরা সংস্করণ। সেরা চারটি দলই সেমিফাইনালে উঠবে। কোনো সহজ প্রতিপক্ষ নেই।’
কয়েক দিন আগে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। এবার সেমিফাইনালিস্ট বেছে নিলেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ। আসন্ন বিশ্বকাপে সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকায় পাকিস্তানকে রেখেছেন তিনি। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘সেমিফাইনালের চারটি জায়গার জন্য আমি ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ইংল্যান্ডকে বেছে নেব। তবে শিরোপার অন্যতম দাবিদার অবশ্যই ভারত।’ কয়েক দিন আগে লারা ভারত ও ইংল্যান্ডকে সেমিফাইনালিস্ট হিসেবে বেছে নিয়েছিলেন। তবে ত্রিনিদাদ রাজপুত্রের সেরার তালিকায় পাকিস্তান ছিল না। সৌরভের তালিকায় কিন্তু আছে। হয়তো বরাবরের আনপ্রেডিক্টেবল দল বলেই পাকিস্তানকে সেমির তালিকায় রেখেছেন সৌরভ।
আইপিএলে কুলদিপ যাদব তেমন উইকেট পাচ্ছেন না। চলতি আসরে নয় ম্যাচে মাত্র ৪ উইকেট দখল করেছেন। আসন্ন বিশ্বকাপের আগে কুলদিপের এমন বাজে পারফরম্যান্স নিয়ে মোটেই চিন্তিত নন সৌরভ। সমর্থকদের আশ্বস্ত করে বলেছেন, ‘চিন্তার কিছু নেই। সে বিশ্বকাপে উইকেট পাবে। দুর্দান্ত এক বোলার।’ এটাই কুলদিপের প্রথম বিশ্বকাপ। তার সঙ্গে খেলবেন যুজবেন্দ্র চাহালও। এই স্পিন জুটির দিকে তাকিয়ে ভারতীয় দল। বিশ্বকাপে কোহলির দলের সাফল্য অনেকটাই নির্ভর করছে এই জুটির সাফল্যের ওপর।