পঞ্চগড় ও সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর
সাতক্ষীরার আশাশুনির ঘটনায় কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, মাদারবাড়ীতে শুক্রবার দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল খালেক (৬৫) নিহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মাকদুম হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চগড় থানার ওসি আবু আক্কাছ আহমেদ জানান, গতকাল বিকেলে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ী বাজার এলাকায় কাঠ বোঝাই নসিমন উল্টে চালক নুর ইসলাম (২৮) নিহত হন। তিনি সদর উপজেলার হালুয়াপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। এদিকে বোদা থানার ওসি (তদন্ত) আবু সায়েম মিয়া জানান, সন্ধ্যায় আমিনুল ইসলাম (৪৫) নামে এক কাঠ ব্যবসায়ী বাইসাইকেলযোগে বোদা বাজার থেকে সাতখামার মাদ্রাসাসংলগ্ন স’মিলে যাচ্ছিলেন। এ সময় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। তিনি মহাসড়কে পড়ে গেলে মাথার ওপর দিয়ে পিকআপ চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।