হাডার্সফিল্ডকে ৫ গোল দিয়ে শীর্ষে ফিরল লিভারপুল

মোহামেদ সালাহ দিলেন দুই গোল। সাদিও মানে দিলেন আরও দুটি। আর শুরুটা হয়েছিল নাবি কেইতাকে দিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের এমন উৎসবের দিনে অ্যানফিল্ডে শুক্রবার রাতে হাডার্সফিল্ড টাউনকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

এই জয়ের পর ৩৬ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে লিভারপুল। তাতে দুইয়ে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির উপর চাপ বেড়ে গেল। এক ম্যাচ কম খেলে তাদের পয়েন্ট ৮৯।

এদিন ম্যাচ শুরুর ১৫ সেকেন্ডের মাথায় কেইতার গোলে এগিয়ে যায় লিভারপুল।

এরপর ২৩তম মিনিটে বাঁদিক থেকে অ্যান্ড্রু রবার্টসনের বাড়ানো দারুণ ক্রসে হেডে বল জালে পাঠান সাদিও মানে।

বিরতির ঠিক আগে স্কোরলাইন ৩-০ করেন সালাহ।

৬৬তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে লিভারপুল। জর্ডান হেন্ডারসনের ক্রসে জোরালো হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন মানে। ৮৩তম মিনিটে রবার্টসনের পাস ছোট ডি-বক্সে পেয়ে অনায়াসে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন সালাহ।