নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল ব্যবসায়ীর লাশ

বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের দুই দিন পর আরমান হোসেন (৩০) নামের এক পোলট্রি খামার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার বাড়ির অদূরে রেল লাইনের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আরমান আদমদীঘি উপজেলার কোমল দোগাছি গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

আরমানের বাবা আবু বক্কর ছিদ্দিক জানান, গত ২৫ এপ্রিল সকাল ৯টার দিকে আরমান তার পোলট্রি খামারে কাজ করার লোকজনের মোবাইল থেকে ফোন পেয়ে বেরিয়ে যায়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দুপুর পর্যন্ত তার সঙ্গে মোবাইলে যোগাযোগ সম্ভব না হলে বিভিন্ন স্থানে লোক পাঠিয়ে তার সন্ধান করা হয়। তাতেও কোনো সন্ধান না পাওয়ায় পরের দিন (২৬ এপ্রিল) দুপুরে আরমানের ভাই মকসুদুল আলম বিদ্যুত আদমদীঘি থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে তার নিখোঁজের ২দিন পর শনিবার সকাল ৯টায় তাদের বাড়ির দক্ষিণ দিকে বেলতলি নামক স্থানে রেল লাইনের পাশে ডোবায় ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। খবরটি ছড়িয়ে পড়লে গ্রামবাসী ও আরমানের পরিবারের সদস্যরা গিয়ে মৃতদেহ শনাক্ত করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশ পানিতে ফুলে যাওয়ায় প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।