নির্বাচনী প্রচারণায় নেমে মামলা খেলেন গম্ভীর

সদ্যই রাজনীতিতে যোগ দিয়েছেন ভারতের সাবেক ওপেনার ও বিশ্বকাপ জয়ী তারকা গৌতম গম্ভীর। বিজেপির হয়ে নেমেছেন ভোট যুদ্ধে। পূর্ব দিল্লি কেন্দ্রের হয়ে ভোটের লড়াইয়ে নেমেছেন ২২ গজে এক সময়ের তুখোড় তারকা। তবে নির্বাচনী প্রচারণায় নেমেই মামলার মুখোমুখি হতে হলো তাকে।

নির্বাচন কমিশনের অনুমতি না নিয়েই নির্বাচনী সভা করার জন্য সাবেক এই ক্রিকেটারকে কড়া শাস্তির মধ্যে পড়তে হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ- গত ২৫ এপ্রিল দিল্লির জঙ্গপুরাতে মিছিল করার জন্য নির্বাচন কমিশনের অনুমতি নেননি তিনি। যেকারণে বিজেপির এই প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রের রিটার্নিং অফিসারকে এরই মধ্যে নির্দেশও দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

লোকসভা নির্বাচনে দিল্লির সব কটি লোকসভা কেন্দ্রে যতজন প্রার্থী লড়াই করছেন তাদের মধ্যে সবচেয়ে ধনী হলেন গম্ভীর। তার বাৎসরিক আয়ের পরিমাণ ১২ কোটি টাকার বেশি।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী ছিলেন মহেশ গিরি। তিনি আম আদমি পার্টির রাজমোহন গান্ধীকে পরাজিত করে নির্বাচিত হন। এবার মহেশ গিরির জায়গাতেই প্রার্থী করা হয়েছে গম্ভীরকে।

ভারতের হয়ে ৫৮টি টেস্ট, ১৪৭টি ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি খেলেছেন গম্ভীর। দেশটির ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি।