পাঞ্জাবি পেতে ফুল নিলেন প্রতিমন্ত্রী

মন্ত্রী এসেছেন, তাকে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হবে। সেই প্রস্তুতি নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেছে দুই পাশে। মন্ত্রী গাড়ি থেকে নামতেই শুরু হলো ফুল ছিটানো। কিন্তু বাদ সাধলেন অতিথি নিজেই। ফুল ছিটাতে নিষেধ করে শিক্ষার্থীদের কাছে গিয়ে পেতে ধরলেন নিজের পরনের পাঞ্জাবির নিচের অংশ, বললেন- এখানে ফুল দাও।

গতকাল শনিবার দুপুরে যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের শৈলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করতে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন কুমার ভট্টাচার্য্য। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল ছিটাতে গেলে তিনি পাঞ্জাবি পেতে দেন।

প্রতিমন্ত্রী বলেন, ফুল হচ্ছে ভালোবাসা এবং সম্মানের প্রতীক। ছিটানো সেই ফুলকে পদদলিত করা মানেই ভালোবাসা এবং সম্মানকে পদদলিত করা। শৈলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিপন কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন প্রমুখ।