ঝিনাইদহে গৃহবধূর লাশ নিয়ে বিক্ষোভ

ঝিনাইদহ সদর উপজেলার বাসুদেবপুর বাজারের শাপলা খাতুন (২৩) নামে এক গৃহবধূ লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকার নারী পুরুষ ও নিহতের পরিবারের স্বজনেরা।

শনিবার বিকেলে লাশটি গ্রামে পৌঁছালে গ্রামের লোকজন লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে ও বাসুদেবপুর বাজারে গিয়ে মানববন্ধন করে। মানববন্ধনে জনসাধারণ দাবি করে শাপলা আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে। তারা শাপলার হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। 

নিহতের মা তাছলিমা খাতুন জানান, তিন বছর পূর্বে সদর উপজেলার মথুরাপুর গ্রামের নাসির মণ্ডলের ছেলে নয়নের সাথে শাপলার বিয়ে হয়। এরপর থেকে শ্বশুর শাপলাকে কুপ্রস্তাব দিয়ে আসত। এরপর শাপলা তার বাবার বাড়িতে এসে আর যেতে চায় নি। তাকে বুঝিয়ে আবারও শ্বশুরবাড়ি পাঠানো হয়।

এরপর গত বুধবার শাপলার শাশুড়ি তার ননদের বাড়ি যায়। খালি বাড়িতে শ্বশুর জোরপূর্বক শাপলাকে ধর্ষণ করতে গেলে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নয়ন শাপলাকে নির্যাতন করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে চিকিৎসক ঢাকায় প্রেরণ করে।

গত বৃহস্পতিবার রাতে সে মারা যায়। শাপলার শরীরের বিভিন্ন জায়গা নির্যাতনের চিহ্ন রয়েছে। 

বাসুদেবপুর ইউপি সদস্য ফরিদ হোসেন জানান, শাপলা হত্যার সুষ্ঠু বিচার হোক। আইনের আওতায় এনে শাপলার স্বামী নয়ন ও শ্বশুর নাসির মণ্ডলের বিচারের দাবিও জানান।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, এ ঘটনায় শাপলার বাবা সিরাজুল ইসলাম বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ কাসেম নামে একজনকে গ্রেপ্তার করেছেন।