গ্যালাক্সি এস১০ ফাইভজি প্রি-অর্ডারে

স্যামসাংয়ের প্রথম ফাইভজি ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। বিশাল ব্যাটারি, বড় ডিসপ্লে ও ফাইভজি নেটওয়ার্ক সাপোর্ট করা ফোনটির দাম হাজার ডলার ছাড়িয়েছে।

ফোনটির ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ কিনতে চাইলে পকেট থেকে খসাতে হবে ১৩০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১ লাখ ৯ হাজার টাকা। কিস্তিতে কিনতে চাইলে ২৪ মাস ধরে ৫৪ দশমিক ১৬ টাকা দিতে হবে।

৫১২ জিবি স্টোরেজ পেতে চাইলে খরচ করতে হবে ১ হাজার ৪০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১ লাখ সাড়ে ১৭ হাজার টাকা। আগামী ১৫ মে পর্যন্ত ফোনটি প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডার করলে ফোনটির সঙ্গে মিলবে একটি ভিআইপি কিট। এতে থাকবে হেডফোন, পাওয়ার ব্যাংক ও একটি পানির বোতল।

যুক্তরাষ্ট্রের ২০টির শহরে এই ফোন ব্যবহার করা যাবে। প্রথমে ৩০টি শহরকে ফাইভজি নেটওয়ার্কের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়। শেষ পর্যন্ত ফাইভজি কভারেজ পাচ্ছে ২০টি শহর। ফোনটিতে ফাইভজি নেটওয়ার্ক ব্যবহার করতে প্রতি মাসে ইন্টারনেটের পেছনে ব্যয় করতে হবে ন্যূনতম ৫০ ডলার।

গত ফেব্রুয়ারিতে ফোনটি বাজারে আনার ঘোষণা দেয় স্যামসাং। ফোনটিতে আছে ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে। ফোনটির পেছনে রয়েছে চারটি ক্যামেরা। সামনে রয়েছে ডুয়েল সেলফি ক্যামেরা। ব্যাকআপের জন্য আছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি।

ডিভাইসটিতে সবচেয়ে শক্তিশালী প্রসেসর ব্যবহার করছে স্যামসাং। প্রসেসর হিসেবে থাকছে এক্সিনোজ ৯৮২০। প্রসেসরটি আগের ৯৮১০ সংস্করণ থেকে ৪০ শতাংশ বেশি শক্তিশালী। প্রসেসরটির প্রধান আকর্ষণ এতে থাকা নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) প্রযুক্তি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সব কাজ এই এনপিইউর মাধ্যমে হবে। ফলে আরও দ্রুত আর্টিফিশিয়াাল ইন্টেলিজেন্স প্রসেস করতে পারবে চিপসেটটি। সূত্র : টেক শহর