পাকিস্তানকে না শ্রীলঙ্কার

ঘরের মাঠে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে আগামী ৩ মে থেকে সিরিজ খেলার কথা ছিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু দেশটিতে ঘটে যাওয়া সিরিজ বোমা হামলার ঘটনার পর পাকিস্তানকে আসতে না করে দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

 গত রবিবার (ইস্টার সানডের দিন) শ্রীলঙ্কার কলম্বো ও এর আশপাশের এলাকায় ৩টি গির্জা ও ৩টি হোটেলে বোমা হামলা হয়। একই দিনে পরে আরও দুই জায়গায় বোমা বিস্ফোরণ হয়।

সিরিজ বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ২৫৩ জন নিহত হয়েছে। আহত হয় ৫০০ এর বেশি মানুষ। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা শ্রীলঙ্কায়। এমন অবস্থায় অনির্দিষ্টকালের জন্য সিরিজ বাতিল করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।  ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্টে শ্রীলঙ্কান এক অফিশিয়ালের বরাদ দিয়ে বলা হয়েছে, ‘অনির্দিষ্টকালের জন্য সিরিজ বাতিল করা হয়েছে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে, আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না।’ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফরে ২টি চারদিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলার কথা ছিল। ম্যাচগুলোর ভেন্যু ছিল গল ও হাম্বানটোটা।