বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সরকার চায় না বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত হোক। তবে খালেদা জিয়ার মুক্তি সম্মানের সঙ্গেই হবে।’ গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, ‘সরকারের প্রধানসহ তাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বলেছেন বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা যেন সংসদে ফিরে আসেন। তারা সংসদে যাক আর না যাক, সংসদের বৈধতা কখনই অর্জন করা সম্ভবপর হবে না।’ তিনি বলেন, ‘জাহিদুর রহমান সংসদে গিয়েছেন, যদি আরও দু-একজন যান সরকারের কী সুবিধা হবে জানি না। তবে দেশের মানুষ জানবে, এ কারণে এই সংসদের বৈধতা কখনই আসবে না এবং আসতে পারে না। কারণ সংসদে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি।’