কলেজছাত্রসহ সড়কে প্রাণ গেল ৬ জনের

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এরমধ্যে জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় এক কলেজছাত্র, ভোলায় মাটি কাটার টিলারচাপায় বৃদ্ধা, লক্ষ্মীপুরে কিশোর, গাইবান্ধায় ট্রাকচাপায় ভ্যানচালক ও মাগুরায় ট্রাক উল্টে চালক নিহত হন। গতকাল শনিবার এসব দুর্ঘটনায় আহত হয়েছেন সাতজন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ

জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গতকাল দুপুরে উপজেলার আউশগাড়া গ্রামে বালু বোঝাই ট্রাক্টর একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সাব্বির হোসেন গুরুতর আহত হন। জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে সাব্বির করতোয়া নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

এদিকে গতকাল দুপুরে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজের সামনে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে রিকশাচালক শাহবাজ মিয়া (২০) নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও রিকশার দুই নারী যাত্রী। শাহবাজ বিশ্বনাথ উপজেলার খারজান গ্রামের নাহার মিয়ার ছেলে।

ভোলার বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নতুন হাট এলাকায় মাটি কাটার টিলারের নিচে চাপা পড়ে ছকিনা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি ওই ওয়ার্ডের মৃত কামাল মিয়ার স্ত্রী।

লক্ষ্মীপুর থানার ওসি লোকমান হোসেন জানান, গতকাল সকাল ১১টার দিকে উপজেলার মিরিকপুর এলাকায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দেয়ালে ধাক্কা দেয়। এ সময় দেয়ালটি ভেঙে চালক মুরাদ হোসেন (৩৫) ও বাবুর (১৭) ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই বাবু মারা যায়। সে উপজেলার রাধাপুর গ্রামের নুরুল আমিনের ছেলে।

মাগুরা থানার ওসি সিরাজুল ইসলাম জানান, উপজেলার সত্যপুর এলাকায় গতকাল শ্যালোইঞ্জিন চালিত মিনি ট্রাক উল্টে চালক স্বাধীন বিশ্বাস (১৭) নিহত হয়। সে পৌর এলাকার ভিটাসাইর গ্রামের সবুর বিশ্বাসের ছেলে। এদিকে গাইবান্ধার ঘটনায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোখলেস জানান, উপজেলার মোগলটুলি এলাকায় গতকাল বিকেলে ট্রাকের ধাক্কায় খয়বার শেখ (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হন। তিনি উপজেলার চাপড়ীগঞ্জ চকপাড়া গ্রামের অমির উদ্দিন শেখের ছেলে। এ দুর্ঘটনায় শাহীনুর বেগম (৪৫) নামে এক নারী ও তার মেয়ে নিলা খাতুন (৮) আহত হয়েছেন। শাহীনুর উপজেলার বিলভর্তি গ্রামের লেবু মিয়া স্ত্রী।