শুরুতে দুই গোলে এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে পারেনি পিএসজি। দারুণভাবে ঘুরে দাঁড়ায় রেন। সমতায় শেষ হয় নির্ধারিত ও যোগ করা সময়ের খেলা। লড়াই টাইব্রেকারে গড়ালে তাতে হেরে যায় প্যারিসের ক্লাবটি। লাল-কার্ড দেখে মাঠ ছাড়া হন দলটির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
প্যারিসে শনিবার রাতে পিএসজিকে টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় পিএসজিকে ৬-৫ গোলে হারিয়ে ফরাসি কাপের শিরোপা জয়ের উল্লাসে মাতে রেন। ১৯৭১ সালের পর এই প্রথম প্রতিযোগিতাটির শিরোপা জিতল তারা। এর আগে নির্ধারিত ও যোগ করা সময়ের খেলা ২-২ গোলে ড্র হয়।
একাদশে ফিরেই গোলের দেখা পেয়েছেন নেইমার। গোল করিয়েছেনও। তার পাসে ম্যাচের ত্রয়োদশ মিনিটে দুর্দান্ত এক ভলিতে জালে বল জড়ান রাইট-ব্যাক দানি আলভেস। ২১তম মিনিটে আরেকটি দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। আনহেল দি মারিয়ার রক্ষণচেরা পাস ধরে ডি-বক্সে ঢুকেই চিপ শটে জাল খুঁজে নেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
ব্যবধান ধরে রাখতে পারেনি পিএসজি। ৪০তম মিনিটে দলটির ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে নিজেদের জালে বল জড়িয়ে বসলে ম্যাচ জমিয়ে তুলে রেন। ৬৬তম মিনিটে কাছ থেকে হেডে অতিথিদের সমতায় ফেরান এদসন আন্দ্রে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলায় ২-২ গোলের সমতা ভাঙতে পারেনি কোনো দল।
অতিরিক্ত সময়ের শেষ দিকে বড় এক ধাক্কা খায় পিএসজি। ১১৮তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপে।
টাইব্রেকারে দুদলই নিজেদের প্রথম পাঁচ শটে গোলের দেখা পান। রেন গোল পায় ছয় নম্বর শটেও। কিন্তু পিএসজির ষষ্ঠ শট নিতে আসা ফরাসি মিডফিল্ডার ক্রিস্তোফা এনকুনকু উড়িয়ে মারলে শিরোপা হারায় প্রতিযোগিতার টানা চারবারের চ্যাম্পিয়নরা।