লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাট সড়কে পিকআপভ্যানের চাপায় মো. ইয়াছিন হোসেন (৯) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নিহতের প্রতিবাদে মজু চৌধুরীর হাট সড়কে গাছের গুঁড়ি ফেলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় নিরাপদ সড়ক ও ইয়াছিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেন তারা।
রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার শাকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন স্থানীয় হামিদ মিয়াজী মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র ও একই এলাকার বাবুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মাদ্রাসা শিক্ষার্থীরা ইয়াছিন মাদ্রাসায় আসার পথে রাস্তা পারের সময় উল্টো দিকে থেকে দ্রুতগামী একটি পিকআপভ্যান ঘটনাস্থলে এসে তাকে চাপা দেয়।
পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার প্রতিবাদে সড়কে গাছের গুঁড়ি ফেলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় নিরাপদ সড়ক ও ইয়াছিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে স্থানীয় লোকজন সড়ক অবরোধ তুলে নেয়।