ফেনীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী খোরশেদ আলম (৪৫) নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার সকালে ফেনী পরশুরাম সড়কের হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক সালেহ আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওইদিন সকালে ফেনীমুখী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে খোরশেদ আলম মারা যান ও গুরুতর আহত অবস্থায় চালক সালেহ আহমদকে প্রথমে আধুনিক ফেনী সদর হাসপাতালে ও পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত খোরশেদ আলম ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি ঢাকার ফকিরাপুরে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী ও ঢাকাস্থ আনন্দপুর সমিতির অর্থ সম্পাদক।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু তাহের জানান, সড়ক দুর্ঘটনায় আহত চালককে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম সড়ক দুর্ঘটনায় লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, “মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”