বাংলাদেশের মানুষকে আর চিকিৎসা নেওয়ার জন্য ভারত ও সিংগাপুর যেতে হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক স্বপন।
তিনি রবিবার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটী আইসি উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট দুটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, মানিকগঞ্জের মানুষদের ঢাকা মেডিকেল কলেজে যেতে হবে না। সকল চিকিৎসা এখন মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালেই হচ্ছে।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভাল মানুষ ও সোনার মানুষ হতে হলে ভাল করে লেখা পড়া করতে হবে। আর সোনার মানুষ হলেই তোমরাই একদিন সোনার বাংলা গড়তে নিজেকে সম্পৃক্ত করতে পারবে। নিজের ও পরিবারের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে, দেশের জন্য কাজ করতে হলে লেখা পড়ার প্রতি আরো যত্নবান হতে হবে।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, মানিকগঞ্জে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্তরে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এমন কোন কাজ নেই যা মানিকগঞ্জে হয় নি।
তিনি নেতা কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, সংবাদমাধ্যম গুলিতে এখনও দেখি নারী নির্যাতনের সংবাদ, মানিকগঞ্জে নারী নির্যাতনের হলে তা বরদাস্ত করা হবে না। আপনারা এ বিষয়ে সতর্ক হয়ে যান। এমন কোন ঘটনা ঘটলে সে দলের যেই হোক কেন তাকে কোন ছাড় দেওয়া হবে না। সেটা কঠিন হস্তে দমন করা হবে।
বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা. নাসরীন পারভিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রহুল আমিন, প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ।