বিজিএমইএ সদস্যরা পাবেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সেবা

আপডেট : ১৮ মে ২০২৬, ০৩:৪৪ পিএম

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসা সেবা পাবেন। এর জন্য বিশেষ প্রিভিলেজ কার্ড চালু করেছে সংগঠনটি। 

বিজিএমইএ জানিয়েছে, সংগঠনটির পরিচালক শাহ রাঈদ চৌধুরীর উদ্যোগ ও নেতৃত্বে, বিজিএমইএ পরিচালক নাফিস-উদ-দৌলার সার্বিক তত্ত্বাবধানে সদস্যদের জন্য আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে। গত বছর ১০ ডিসেম্বর বিজিএমইএ এবং পার্কওয়ে হসপিটালস সিঙ্গাপুরের (বর্তমানে আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুর) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার ধারাবাহিকতায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রিভিলেজ কার্ড চালু করা হয়েছে।

এ উপলক্ষ্যে গত ১৭ মে (রবিবার) রাজধানীর একটি বিজিএমইএ এবং মাউন্ট এলিজাবেথ হসপিটালের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করে। আজ সোমবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে, বিজিএমইএ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ং ইহ মিং, আইএইচএইচ হেলথকেয়ারের বাংলাদেশ, চীন ও মিয়ানমার অঞ্চলের কান্ট্রি ম্যানেজার জ্যাক ট্যান এবং আইএইচএইচ হেলথকেয়ার বাংলাদেশ অফিসের পরিচালক জাহিদ হাসান খান।

বিজিএমইএ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক জোয়াদার মোহাম্মদ হোসনে কমার আলম, স্কিলড ডেভলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া; এবং ট্রেসেবিলিটি অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন মাইশা মাহমুদ। 

স্বাগত বক্তব্যে মাউন্ট এলিজাবেথ হসপিটাল সিঙ্গাপুরের (বাংলাদেশ অফিস) পরিচালক জাহিদ হাসান খান উল্লেখিত প্রিভিলেজ কার্ডের আওতাধীন সুযোগ-সুবিধা ও বিভিন্ন কর্পোরেট প্রিভিলেজসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।

এ কার্ডের মাধ্যমে বিজিএমইএ সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এক্সিকিউটিভ হেলথ স্ক্রিনিংসহ  সহ বিভিন্ন ফিক্সড প্যাকেজে বিশেষ কর্পোরেট ছাড় পাবেন।

এছাড়াও কার্ডধারী সদস্যরা আরও যেসকল বিশেষ সুবিধা ও প্রিভিলেজ পাচ্ছেন, সেগুলোর মধ্যে রয়েছে ২৪ ঘণ্টা ডেডিকেটেড জরুরী হটলাইন এক্সেস; মেডিকেল ভিসা প্রসেসিং এবং শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের অ্যাপয়েন্টমেন্টে সর্বোচ্চ অগ্রাধিকার; সিঙ্গাপুরের চ্যাঙ্গি এয়ারপোর্ট থেকে হাসপাতালে যাতায়াতের জন্য বিনামূল্যে এয়াপোর্ট পিক-আপ সুবিধা; সম্পূর্ণ নিখরচায় চিকিৎসা পরিকল্পনা বিষয়ে পরামর্শ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রভৃতি।

বক্তব্য শাহ রাঈদ চৌধুরী বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালের সিইও আমাদের মাঝে সশরীরে উপস্থিত হয়ে বিজিএমইএ সদস্যদের প্রতি তাদের সর্বোচ্চ প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছেন। এই কার্ডের মাধ্যমে আমাদের সাধারণ সদস্য ও তাদের পরিবারের সদস্যগণ কোনো ধরনের মধ্যস্থতাকারী বা আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই সিঙ্গাপুরের বিশ্বসেরা চিকিৎসা নেটওয়ার্কে সরাসরি ভিআইপি মর্যাদা, বিশেষ কর্পোরেট ছাড় ও সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। এটি আমাদের সদস্যদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্য বর্তমান বোর্ডের একটি চলমান ও নিরলস প্রচেষ্টার সফল ফসল।

সিইও ইয়ং ইহ মিং বলেন, বিজিএমইএ এর মতো একটি শীর্ষস্থানীয় সংগঠনের সাথে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। এই প্রিভিলেজ কার্ডের মাধ্যমে বিজিএমইএ সদস্য এবং তাদের পরিবার সিঙ্গাপুরে সর্বোচ্চ সুবিধা, স্বাচ্ছন্দ্য ও অগ্রাধিকার ভিত্তিতে উচ্চমানের আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত