শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ‘মূল পরিকল্পনাকারী’ মোহাম্মদ জাহরান হাশিমের বাবা ও তার দুই ভাই বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
নিহতরা হলেন জাইনি হাশিম, রিলওয়ান হাশিম এবং তাদের বাবা মোহাম্মদ হাশিম।
দুই দিন আগে শুক্রবার সন্ধ্যায় শ্রীলঙ্কার পূর্ব উপকূলের আমপারা জেলার সাইন্থামারুথুর একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। রাতভর গোলাগুলির পর পুলিশ সেখান থেকে ছয় শিশুসহ ১৫ জনের মৃতদেহ উদ্ধার করে।
গত ২১ এপ্রিল দিনের শুরুতে শ্রীলঙ্কার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। পরে হয় আরও দুটি। এখন পর্যন্ত ২৫৩ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫০০ জন। একদিন বাদে কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করে।
জাহরানকে ন্যাশনাল তাওহিদ জামায়াত (এনটিজে) নামের একটি মৌলবাদী সংগঠনের প্রধান হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইএসের প্রকাশিত ছবিতে আটজনের মধ্যে যার মুখে কাপড় ছিল না, তাকে জাহরান হাশিম বলা হচ্ছে। হামলার দিনই সে মারা গেছে বলে পুলিশের ধারণা।